শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে আব্দুল ওয়াহাব (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে চান্দগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত আব্দুল ওয়াহাব উপজেলার রসাইতলা গ্রামের বাসিন্দা। তার ছেলে সাইফুল ইসলাম শারীরিকভাবে প্রতিবন্ধী এবং ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবিকা নির্বাহ করেন।
অভিযোগ অনুযায়ী, গত ১১ এপ্রিল দুপুরে সাইফুল ইসলাম বাড়িতে না থাকায় তার স্ত্রীকে বাড়ির অন্য একটি কক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন ওয়াহাব। ঘটনাটি দেখতে পেয়ে পাশের এক নারী বিষয়টি স্থানীয়দের জানালে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করলেও তিনি কৌশলে সেখান থেকে পালিয়ে যান।এ ঘটনায় ভুক্তভোগী পুত্রবধূ ১৪ এপ্রিল নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান জানান, মামলার পর থেকেই অভিযুক্তকে ধরতে অভিযান চলছিল। মঙ্গলবার সকালে যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
ডিএমএন/