নেছারাবাদে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী রতন মোল্লার বিরুদ্ধে

Spread the love

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার জলাবাড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের কামারকাঠী গ্রামে শনিবার (৭ মার্চ) দুপুরে পঞ্চম শ্রেণীর (১১) এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী রতন মোল্লা (৫৭)-এর বিরুদ্ধে।

ভুক্তভোগী শিক্ষার্থী ব্রাহ্মণকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী। অভিযুক্ত রতন মোল্লা ওই ইউনিয়নের কামারকাঠী গ্রামের মো. মোজাহার মোল্লার ছেলে।

ঘটনার বিবরণ

ভুক্তভোগীর মা নিপা রানী কর জানান, তিনি দুপুরে পাশের বাড়িতে গিয়েছিলেন। এ সময় তার স্বামী বাড়ির পাশে গাছ থেকে বেগুন তুলছিলেন। সুযোগ পেয়ে প্রতিবেশী রতন মোল্লা ঘরের সামনে বারান্দায় একা থাকা তার মেয়েকে স্পর্শকাতর স্থানে হাত দিয়ে চাপ দেন। মেয়ে চিৎকার করলে মা ঘটনাস্থলে উপস্থিত হয়ে রতন মোল্লাকে দেখতে পান। তাকে দেখে অভিযুক্ত পালিয়ে যায়। পরবর্তীতে মেয়ে বাবাকে পুরো ঘটনা খুলে বলে।

নিপা রানী কর বলেন, “আমার মেয়ের সঙ্গে যে ঘটনা ঘটেছে, তার বিচার চাই।”

স্থানীয় ফয়সাল হোসেন বলেন, রতন মোল্লা স্কুলছাত্রীর বাবার সঙ্গে ভালো সম্পর্ক থাকার কারণে বাড়িতে প্রায়ই যাতায়াত করতেন। সুযোগ পেয়ে মেয়েটিকে একা পেয়ে খারাপ উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা করেছিলেন। তবে মেয়েটির চিৎকার শুনে পরিবারের সদস্যরা এগিয়ে আসায় বড় ধরনের অঘটন ঘটেনি।

অভিযুক্তের পরিবার ও পুলিশ মন্তব্য

রতন মোল্লার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। বাড়িতে গেলে তার স্ত্রী সাবিনা জানান, তিনি বিষয়টি শুনেছেন এবং বলেন, “নিজের মেয়ের বয়সী কোনো ছাত্রীর সঙ্গে যদি এমন কাজ করে থাকে, তাহলে তার শাস্তি হওয়া উচিত।” ঘটনার পর তিনি বরিশালে এক বন্ধুর বাড়িতে গেছেন।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, “এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *