বুসি-সাঁ-জর্জে নির্মিত হতে যাওয়া এই মন্দিরে ভারতীয় ঐতিহ্য এবং ফরাসি শিল্পের মিলন ঘটবে, যা উপাসনা, সংস্কৃতি ও শিক্ষার কেন্দ্র হিসেবে কাজ করবে।
ফ্রান্সের প্যারিসে একটি নতুন হিন্দু মন্দির নির্মাণের জন্য ভারত থেকে প্রথম পাথর পৌঁছেছে। এই উদ্যোগ BAPS স্বামীনারায়ণ সংস্থার তত্ত্বাবধানে করা হচ্ছে এবং এটি ফ্রান্সে ভারতীয় সংস্কৃতির স্থায়ী প্রতীক হিসেবে দাঁড়াবে।
ভারত থেকে পাঠানো পাথরগুলি প্রাচীন স্থাপত্যশৈলীতে খোদাই করা হয়েছে। শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা শিল্পকলার নিদর্শন এতে দৃশ্যমান। ফরাসি শিল্পীরা ভারতীয় কারিগরদের সঙ্গে মিলিত হয়ে মন্দিরের নির্মাণ কাজ শুরু করবেন। এই প্রজেক্টে অংশগ্রহণ করছেন নোত্র-দাম ক্যাথেড্রাল পুনরুদ্ধার প্রকল্পের অভিজ্ঞ কারিগররাও।
BAPS ইউকে ও ইউরোপের ট্রাস্টি সঞ্জয় কারা বলেন, “প্রথম পাথরের আগমন একটি ঐতিহাসিক মুহূর্ত। প্রতিটি পাথরই প্রাচীন ভারতীয় শিল্পকলার বার্তা বহন করছে। এটি কেবল একটি উপাসনালয় নয়, বরং সংস্কৃতি, শিক্ষা এবং সামাজিক উদ্যোগের কেন্দ্র হিসেবে কাজ করবে।”
ফ্রান্সে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত সঞ্জীব কুমার সিংলা বলেন, “এই মন্দির ভারত ও ফ্রান্সের বন্ধুত্বের অনন্য প্রতীক। ভারতীয় কারিগররা যেভাবে খোদাই করেছে, তা ফরাসি শিল্পীদের সাথে মিলে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করবে।”
ফরাসি বিদেশ মন্ত্রকের ধর্ম বিষয়ক উপদেষ্টা রাষ্ট্রদূত জঁ-ক্রিস্টফ পসেল মন্তব্য করেন, “ফ্রান্সে হিন্দু মন্দিরের এই ধরনের নির্মাণ প্রথমবার হচ্ছে। এটি নতুনত্বের প্রতীক এবং সংস্কৃতি সংরক্ষণের গুরুত্বপূর্ণ উদ্যোগ।”