বারাণসীতে নৌকায় ইফতার: অবশিষ্ট খাবার গঙ্গায় ফেলার অভিযোগে ১৪ জন গ্রেপ্তার

Spread the love

ভারতের উত্তরপ্রদেশের বারাণসীতে মাঝ-গঙ্গায় নৌকায় বসে ইফতার আয়োজনের পর অবশিষ্ট খাবার নদীতে ফেলার অভিযোগে পুলিশ ১৪ জনকে গ্রেপ্তার করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়।

ঘটনার বিবরণ অনুযায়ী, অভিযোগ রয়েছে যে নৌকায় বসে চিকেন বিরিয়ানি খাওয়ার পর খাবারের অবশিষ্টাংশ গঙ্গায় ফেলে দেওয়া হয়, যা হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। কোটওয়ালি থানায় বিজেপির যুব শাখার এক নেতার অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত, পরিবেশ দূষণ এবং জনশৃঙ্খলা ভঙ্গের ধারায় মামলা করা হয়েছে।

কোটওয়ালি অঞ্চলের এসিপি বিজয় প্রতাপ সিং জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও থেকে এই ঘটনার তথ্য পাওয়া গেছে। তদন্তের পর ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ভিডিওর সত্যতা যাচাই করা হচ্ছে। এছাড়াও, পুলিশ আরও কয়েকজনের পরিচয় শনাক্তের চেষ্টা করছে।

পুলিশ জানিয়েছে, ভবিষ্যতে নদীপথে নজরদারি বাড়ানো হয়েছে যাতে এ ধরনের ঘটনা পুনরায় না ঘটে। গঙ্গা নদী হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র হওয়ায় প্রতিদিন এখানে হাজার হাজার ভক্ত পূজা ও স্নান করতে আসে। এই ঘটনার কারণে ধর্মীয় অনুভূতি ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *