সনাতন সেবক সংঘ (এসএসএস)-এর উদ্যোগে পরিচালিত ৩১তম শ্রীকৃষ্ণ বৈদিক বিদ্যাপীঠের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সকাল ১০টায় আয়োজিত অনুষ্ঠানে ধর্মীয় শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলির বিকাশে বৈদিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন বক্তারা।”
সেবা-শান্তি-একতায় সনাতনের হবে জয়”—এই মূলমন্ত্রকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানের সূচনা হয় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সনাতন সেবক সংঘের কেন্দ্রীয় সহ-সভাপতি, সদস্য সচিব, বিদ্যাপীঠ বিষয়ক সম্পাদক, প্রচার সম্পাদক, সংশ্লিষ্ট মন্দির কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অসংখ্য সনাতন ধর্মাবলম্বী ভক্ত এবং শিক্ষার্থীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান প্রজন্মকে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করার মাধ্যমে একটি আদর্শ সমাজ গঠন সম্ভব। শ্রীমদ্ভগবদ্গীতার শিক্ষা ও সনাতন ধর্মের মূল্যবোধ শিশু-কিশোরদের মাঝে ছড়িয়ে দিতে শ্রীকৃষ্ণ বৈদিক বিদ্যাপীঠ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে গীতা পাঠ, ধর্মীয় আলোচনা এবং বিদ্যাপীঠের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করা হয়। একই সঙ্গে উপস্থিত অভিভাবক ও ভক্তবৃন্দ বিদ্যাপীঠের কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
আয়োজকরা জানান, শুধু ধর্মীয় শিক্ষা নয়, নৈতিকতা, শৃঙ্খলা, মানবসেবা ও দেশপ্রেমের চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তোলাই এই বিদ্যাপীঠের মূল লক্ষ্য।
উল্লেখ্য, সনাতন সেবক সংঘের উদ্যোগে পরিচালিত এই বিদ্যাপীঠের সার্বিক সহযোগিতায় রয়েছে স্থানীয় সনাতনী সমাজ ও ভক্তবৃন্দ।
ডিএমএন/