বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের লালমনিরহাট জেলা কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা, পূজা-অর্চনা এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টায় লালমনিরহাটের খোচাবাড়ি সাধুটারি এলাকার শ্রী শ্রী লোকনাথ মন্দির প্রাঙ্গণে জেলা কমিটির আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পূজা-অর্চনার মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে নবনির্বাচিত জেলা কমিটির নেতৃবৃন্দের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এরপর সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় শিক্ষার্থীদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বৃদ্ধি, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের চর্চা, সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করা এবং তরুণদের সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বক্তারা বলেন, শিক্ষা, নৈতিকতা, পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির চর্চার মাধ্যমে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে শিক্ষা, সংস্কৃতি ও সেবামূলক কাজে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
পরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা মন্দির প্রাঙ্গণসহ নির্ধারিত স্থানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের লালমনিরহাট জেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্য ছাড়াও স্থানীয় সনাতন ধর্মাবলম্বী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, ভবিষ্যতে ধর্মীয়, শিক্ষামূলক, সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশবান্ধব বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।
অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে তুলে ধরা হয়— “ধর্মে অবিচল, শিক্ষায় অগ্রসর, ঐক্যে শক্তিশালী” এবং “যত মত তত পথ—হিন্দু স্বার্থে একমত”।