রংপুরের গঙ্গাচড়া উপজেলার প্রান্তিক এক সনাতনী পরিবারের মেধাবী শিক্ষার্থী ও খুদে সংগীতশিল্পী অনুশ্রী রায়ের দীর্ঘদিনের একটি স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে। সংগীতচর্চার জন্য একটি হারমোনিয়ামের আকাঙ্ক্ষা জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে লেখা তার একটি চিঠির পরিপ্রেক্ষিতে তিনি পেয়েছেন নতুন একটি হারমোনিয়াম। পাশাপাশি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার বিরল সুযোগও লাভ করেছে এই কৃতি শিক্ষার্থী।
অনুশ্রী রায় রংপুরের গঙ্গাচড়া উপজেলার পূর্ব নবনিদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রতিযোগিতায় তিনি দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সংগীতে তৃতীয় স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে প্রশংসিত হন।
পদক বিতরণ অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় অনুশ্রী প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে একটি চিঠিতে জানায়, সংগীতের প্রতি তার প্রবল আগ্রহ থাকলেও পারিবারিক আর্থিক সীমাবদ্ধতার কারণে একটি হারমোনিয়াম কেনা সম্ভব হয়নি। একই সঙ্গে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে একবার দেখা করার ইচ্ছার কথাও সে তুলে ধরে।
চিঠিটি প্রধানমন্ত্রীর নজরে আসার পর অনুশ্রী ও তার পরিবারকে সাক্ষাতের জন্য আমন্ত্রণ জানানো হয়। বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে অনুশ্রী তার বাবা-মাকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। সেখানে প্রধানমন্ত্রী তার হাতে একটি নতুন হারমোনিয়াম তুলে দেন এবং ভবিষ্যতে সংগীতচর্চা অব্যাহত রাখার জন্য উৎসাহ দেন।
সাক্ষাতের সময় অনুশ্রী একটি দেশাত্মবোধক গান পরিবেশন করলে প্রধানমন্ত্রী তার প্রশংসা করেন এবং লেখাপড়ার পাশাপাশি নিয়মিত সংগীতচর্চা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।
অনুশ্রীর পরিবারের সদস্যরা বলেন, একটি সাধারণ পরিবারের সন্তানের স্বপ্নকে এভাবে মূল্যায়ন করা তাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। তারা আশা প্রকাশ করেন, এই উৎসাহ অনুশ্রীকে ভবিষ্যতে একজন প্রতিষ্ঠিত সংগীতশিল্পী হওয়ার পথে আরও অনুপ্রাণিত করবে।
ডিএমএন/