ভোলার তজুমদ্দিন উপজেলায় কীর্তন অনুষ্ঠান থেকে এক ২৫ বছর বয়সী নারীকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ভোর রাতে তাকে শশীগঞ্জ দাসপাড়া এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করেন।
জানা গেছে, ওই নারী বাকপ্রতিবন্ধী এবং এক সন্তানের জননী। তার বাড়ি উপজেলার চাঁদপুর ইউনিয়নের দড়িচাদপুর শায়েস্তাকান্দি গ্রামে। বর্তমানে তিনি ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, কীর্তন অনুষ্ঠান থেকে ফেরার পথে বা অনুষ্ঠান চলাকালীন সময় তাকে জোরপূর্বক তুলে নেওয়া হয় বলে অভিযোগ করেছেন স্বজনরা।
ঘটনার পর এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।এ ঘটনায় এখনো আনুষ্ঠানিকভাবে কারও নাম জানা যায়নি। তবে স্থানীয়রা দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেন, সরকার পরিবর্তন হলেও নারী ও সংখ্যালঘু নির্যাতনের ঘটনা থেমে নেই। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
ডিএমএন/