মৌলভীবাজারে ১৩ নভেম্বর সহস্র কণ্ঠে গীতাপাঠ, প্রস্তুতি সম্পন্নে ব্যস্ত আয়োজকরা

Spread the love

সিলেট বিভাগে প্রথমবারের মতো একসঙ্গে সহস্র কণ্ঠে শ্রীমদ্ভগবদ্গীতা পারায়ণের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ সনাতনী বৈদিক বিদ্যালয়, মৌলভীবাজার জেলা পরিচালনা পর্ষদ। আগামী ১৩ নভেম্বর ২০২৬, শুক্রবার মৌলভীবাজার শহরের সৈয়ারপুরস্থ শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে দিনব্যাপী এই ধর্মীয় ও আধ্যাত্মিক অনুষ্ঠান।

বিশ্বশান্তি ও মানবকল্যাণ কামনা, সনাতন ধর্মীয় চেতনা, বৈদিক শিক্ষা এবং শ্রীমদ্ভগবদ্গীতার অমিয় বাণী সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

আয়োজক সূত্রে জানা যায়, ১২ নভেম্বর বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হবে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা। এদিন প্রতিমা আনয়ন, মঙ্গল ঘট স্থাপন, সন্ধ্যা আরতি, ভগবান দামোদরের উদ্দেশ্যে ১০৮টি প্রদীপ প্রজ্বালন এবং পার্থসারথি ভগবান শ্রীকৃষ্ণের পূজার শুভ অধিবাস অনুষ্ঠিত হবে।

পরদিন ১৩ নভেম্বর শুক্রবার ভোর ৪টা ৩০ মিনিটে মঙ্গল আরতি ও শঙ্খধ্বনির মধ্য দিয়ে শুরু হবে মূল দিনের কর্মসূচি। সকাল ৮টায় পার্থসারথি ভগবান শ্রীকৃষ্ণের পূজা-অর্চনা, এরপর গীতা যজ্ঞ ও ভজন-কীর্তন অনুষ্ঠিত হবে। গীতা যজ্ঞ পরিচালনা করবেন পূজ্যপাদ শ্রীমৎ নবজীবন গোস্বামী ও পূজ্যপাদ শ্রীমৎ শ্রীকান্ত গোস্বামী।

সকাল ১০টায় অনুষ্ঠিত হবে আয়োজনের মূল আকর্ষণ ‘সহস্র কণ্ঠে শ্রীমদ্ভগবদ্গীতা পারায়ণ’। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সনাতনী ভক্তবৃন্দের অংশগ্রহণের প্রত্যাশা করছেন আয়োজকরা। এছাড়া বৈদিক বিদ্যালয়ের নারী সদস্যদের পরিবেশনায় থাকবে ভজন-কীর্তন।

অনুষ্ঠানের অন্যান্য আকর্ষণের মধ্যে রয়েছে মহাপ্রসাদ বিতরণ, আধুনিক জীবনে গীতার প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা, বৈদিক সাংস্কৃতিক পরিবেশনা এবং সন্ধ্যায় বিশেষ নৃত্যনাট্য ‘বিষাদ থেকে বোধোদয়’—অর্জুনের বিষাদ থেকে গীতাজ্ঞানের উপলব্ধির এক অনন্য উপস্থাপনা। নৃত্যনাট্যটি পরিচালনা করবেন বন্দনা দাস স্বর্ণা। এতে পরিবেশনায় থাকবে নটরাজ নৃত্যাশ্রম।

আয়োজক সংগঠনের সভাপতি শ্রী বিজয় সরকারসহ জেলা পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দের সার্বিক তত্ত্বাবধানে চলছে অনুষ্ঠানের প্রস্তুতি ও প্রচার-প্রচারণা। ইতোমধ্যে দেশের বিভিন্ন এলাকার সনাতনী ভক্ত, ধর্মীয় সংগঠন ও শুভানুধ্যায়ীদের কাছে আমন্ত্রণ পৌঁছে দেওয়া হচ্ছে।

আয়োজকদের প্রত্যাশা, সহস্র কণ্ঠে গীতাপাঠের এই মহতী আয়োজন শুধু ধর্মীয় অনুষ্ঠানেই সীমাবদ্ধ থাকবে না; বরং নতুন প্রজন্মের মধ্যে শ্রীমদ্ভগবদ্গীতার শিক্ষা, নৈতিকতা, মানবিক মূল্যবোধ, ধর্মীয় চেতনা ও সামাজিক সম্প্রীতি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানস্থল: শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম, সৈয়ারপুর, মৌলভীবাজার।

তারিখ: ১৩ নভেম্বর ২০২৬, শুক্রবার।

আয়োজনে: বাংলাদেশ সনাতনী বৈদিক বিদ্যালয়, মৌলভীবাজার জেলা পরিচালনা পর্ষদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *