ঝালকাঠি শহরে মাদকবিরোধী অভিযানে একটি মন্দিরের পুরোহিতকে ইয়াবাসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গ্রেফতারকৃত সুমন চক্রবর্তী শহরের কালিবাড়ি মন্দিরে পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে শহরের শীতলাখোলা এলাকা থেকে সুমন চক্রবর্তীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
ডিবি পুলিশের একটি দল তাকে জিজ্ঞাসাবাদ করছে। প্রাথমিকভাবে মাদক-সংশ্লিষ্ট কিছু তথ্য পাওয়া গেছে বলে জানা গেলেও সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। একজন ধর্মীয় দায়িত্বে থাকা ব্যক্তির বিরুদ্ধে মাদক সংক্রান্ত অভিযোগ ওঠায় অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন।
এদিকে ঘটনাটি জানাজানি হওয়ার পর কালিবাড়ি মন্দির পরিচালনা কমিটি জরুরি বৈঠকে বসে। বৈঠকে সর্বসম্মতিক্রমে অভিযুক্ত সুমন চক্রবর্তীকে মন্দিরের সকল ধর্মীয় ও প্রশাসনিক দায়িত্ব থেকে তাৎক্ষণিকভাবে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
মন্দির পরিচালনা কমিটির এক সদস্য বলেন, “মন্দিরের সুনাম ও ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে আমরা দ্রুত সিদ্ধান্ত নিয়েছি। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে পরবর্তীতে আরও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঝালকাঠি জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
পুলিশ আরও জানিয়েছে, জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিএমএন/