সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের কাইল্যাচর গ্রামে ফেসবুক পোস্টের কমেন্টকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন এবং কয়েকটি দোকান ও ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।আহতদের মধ্যে অন্তত ১০ জনের পরিচয় জানা গেছে। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় কৈতক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, একটি ফেসবুক পোস্টে বিরূপ মন্তব্যকে কেন্দ্র করে প্রথমে উত্তেজনা সৃষ্টি হয়। বিষয়টি মীমাংসার জন্য শুক্রবার রাতে স্থানীয় নেতা ও ব্যবসায়ীরা উভয় পক্ষকে পোস্টটি মুছে ফেলার আহ্বান জানান। তবে শনিবার সকালে পুনরায় উত্তেজনা ছড়িয়ে পড়লে তা সংঘর্ষে রূপ নেয়।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।